গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে দুই শতাধিক কোচ আদিবাসী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ভবানীপুর জেসন গেইট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু নতুন সদস্যদের ফুল দিয়ে দলে বরণ করেন।
ডা. বাচ্চু বলেন, “বিএনপি এমন একটি দল, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে থাকতে পারে। আমরা চাই বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। বিএনপি হবে আদিবাসীদের আশ্রয়স্থল।”
তিনি অভিযোগ করে বলেন, “স্বাধীনতার পর থেকেই ক্ষুদ্র জনগোষ্ঠী আওয়ামী ফ্যাসিবাদের শিকার হয়ে আসছে। সরকারি জমি দখল করে রিসোর্ট বানানো হয়, অথচ ভূমিহীন আদিবাসীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়— এ অন্যায় আমরা মেনে নেব না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী। সঞ্চালনা করেন বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক রূপচান বর্মন ও রিপন কাজী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এডাবের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়া বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী, ফজলুল হক মুসল্লী, অবিনেষ চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র বর্মন, সুভাস চন্দ্র বর্মন ও সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক কোচ বক্তব্য দেন।
দৈনিক সমীকরণ