ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে অটোরিকশা চালকে হত্যার ঘটনায় মহাসড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : ০৪ March ২০২৫ ইং
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা ছবির ক্যাপশন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের শ্রমিক কর্তৃক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টা থেকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালক ও স্থানীয়রা। মহাসড়ক অবরোধ থাকায় কয়েক কিলোমিটার এলাকায় যানজটের তৈরি হয়। পরে প্রায় চার ঘন্টা বন্ধ থাকার পর দুপুর ১২টার দিকে থানায় মামলা রুজু হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিহত অটোরিকশা চালক মো. লিটন মিয়া (৩৫) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাধখলা গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

নিহতের স্ত্রী শরমিন বেগম বলেন, গতকাল বিকেলে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে আমার স্বামীর বাগবিতন্ডার হয়। এরপর স্বামীকে তাকওয়া পরিবহনের স্টাফরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নেয়ার পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর হাত পায়ের রগ টাকা রক্তাক্ত মরদেহ দেখতে পাই। 

নিহতের ছোট ভাই মো: আজিজুল অভিযোগ করে বলেন, ভাইকে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমসি শুরু করে। রাতভর থানায় অবস্থান করেও মামলা নেয়নি পুলিশ। আমার ভাইকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করলো অথচ মামলা করার পরামর্শ দেয়া হলো সড়ক দুর্ঘটনা। এজন্য স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে।

পরে দুপুর ১২টার কিছু সময় আগে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশের সমন্বয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে বিচারের আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে মামলাসহ আসামী গ্রেপ্তারের ঘোষণা েেদয়ায় তারা অবরোধ তুলে নেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ইতিমধ্যে তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সমীকরণ/ মেহেদী/ গাজীপুর

দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ